গীতবিতান - প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস 
- রবীন্দ্রনাথ ঠাকুর

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায় 
বাটে ঘাটে হাজার লোকের হাস্য-পরিহাস– 
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।

আমের বনে দোলা লাগে, মুকুল প’ড়ে ঝ’রে–
চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভ’রে ।
মঞ্জরিত শাখায় শাখায়, মউমাছিদের পাখায় পাখায়,
ক্ষণে ক্ষণে বসন্তদিন ফেলেছে নিশ্বাস–
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।

No comments

Powered by Blogger.