প্রবন্ধ - সম্পর্ক কীভাবে গড়ে ওঠে

জানো, সম্পর্ক কীভাবে গড়ে ওঠে? নির্দিষ্ট কিছু চাহিদা বা নির্দিষ্ট কিছু অভাববোধের উপর ভিত্তি ক'রে সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক কখনো চিরস্থায়ী কিংবা চিরসবুজ হয় না বরং সম্পর্ক চুক্তি ও আপসের উপর নির্ভর করে।

লোকেরা প্রায়ই বলে থাকে– রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, নিঃস্বার্থ সম্পর্ক, পবিত্র সম্পর্ক!!! সত্যি বলতে কী, এধরনের কোনো সম্পর্কই নেই। বরং মানুষ পৃথিবী নামক রঙ্গমঞ্চে বা ব্যবসাক্ষেত্রে নিজেদের প্রয়োজনীয় সম্পর্ককে শক্ত করতে এসব উপমা ব্যবহার ক'রে থাকে। 
সম্পর্ক ও সুবন্ধন

শোনো, রক্তের সম্পর্ক ব'লে কিছু নেই। রক্তের সম্পর্কের কথা যদি বলতেই হয় তবে বলবো আমরা পৃথিবীর সবাই একসাথে সম্পর্কিত, সবার রক্ত লাল। রক্তের কোনো ভাগ নেই, তবে রক্তের যে ভিন্ন-ভিন্ন গ্রুপ আছে তার উপর নির্ভর ক'রে কোনো সম্পর্ক গড়ে ওঠে না বা বিভাজন ঘটে না।

আমি আবারও বলছি পৃথিবীর সব সম্পর্ক চুক্তি নির্ভর এবং পৃথিবীর সব সম্পর্ক আপসের মাধ্যমে বেঁচে থাকে। আপস মানে হলো ছাড় দেওয়া বা অনেক কিছু মেনে নেওয়া। শুধুমাত্র এবং কেবলমাত্র আপসের কারণেই পৃথিবীর সব সম্পর্ক টিকে থাকে।

কেউ কেউ পারিবারিক ও সামাজিক সম্পর্ককে এসব সূত্রে ফেলতে চাইনা। অথচ পারিবারিক সম্পর্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভেজাল। পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলো মূলত শক্তিহীনদের উপর চাপিয়ে দেওয়া শক্তিমানদের নির্দেশনাবলি। পারিবারিক সম্পর্কগুলোকে লোকেরা বলে রক্তের সম্পর্ক, যার কোনো অস্তিত্ব নেই। 

সম্পর্ক যদি রঙ্গমঞ্চ বা ব্যবসাক্ষেত্র হয় তবে কি অনুভূতি বলে কিছু নেই? অবশ্যই অনুভূতি আছে। শোনো, ভালোবাসা-সহানুভূতি-অনুগ্রহ-ক্ষমা এসব ব্যক্তির ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তির অন্তরের গভীর থেকে এসব অনুভূতি প্রকাশিত হয়। মানুষের ব্যক্তিগত অনুভূতি সবসময় ব্যক্তিগত থাকে না, মাঝেমধ্যে সমাজ-পরিবার দ্বারা নিয়ন্ত্রিত হয়।

শোনো, সব সম্পর্কই ব্যবসার মতো এবং লাভলোকসান থাকবে। সম্পর্কের এই লাভলোকসান আমরা যখন খাতা খুলে হিসাব করতে বসবো তখনই আমরা অসুখী হ'য়ে যাবো এবং আমার যখন পৃথিবীকে রঙ্গমঞ্চ ভেবে নেবো আর আমরা শুধুমাত্র আমাদের অভিনয়টুকু ক'রে যাবো কিন্তু হিসাব করবো না তখনই আমরা সুখী হবো। 

আমি মূলত সম্পর্ককে দুইভাগে ভাগ করতে পারি– ভালো সম্পর্ক আর খারাপ সম্পর্ক। যে সম্পর্কে কেউ কাউকে ক্ষতি করে না, চুক্তি রক্ষিত হয় এবং উভয় পক্ষই সর্বোচ্চ ছাড় প্রদান ক'রে বা সব বিষয় আপস ক'রে নেয় তাই ভালো  সম্পর্ক। এবং যে সম্পর্কে চুক্তি রক্ষিত হয় না, আপস থাকে না, উভয় পক্ষ বা যে কোনো এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয় তাই খারাপ সম্পর্ক। 

যাহোক, প্রার্থনা একটাই– পৃথিবীর সব সম্পর্ক ভালো হোক। 

© আলমগীর কাইজার 
৩১.০৫.২০১৯

No comments

Powered by Blogger.