নির্দয় বসন্ত (কবিতা)
লাল গোলাপের মতো
রক্তাক্ত বুকের ক্ষত
পাইনি প্রেম, শুধু আস্ফালন
থেকে থেকে বয়ে যায় বৃথা ক্রন্দন।
প্রিয় সময় সব গড়িয়ে যায়
সজীব গোলাপ-পাপড়ি শুকিয়ে যায়।
সুন্দরী মেয়ের হাতে যে ফুল হাসে
সেই ফুল আমাকে ডেকে বলে
এখনো পাওনি খুঁজে এমন সখা
কে আছে বলো তোমার মতো বোকা।
আমি ছুঁতে গিয়েও ফিরে এসেছি
আমি ভালোবাসতে গিয়েও পারিনি,
সুন্দরীর শুভ্র বুকের কৃষ্ণ তিল ডেকেছিল
আমি যেতে পারিনি।
লালে লাল হয়েছে বুকের রক্তে আসমান
প্রেমহীন একাকীত্বে অসহায় আমি
কেঁদে কেঁদে ফিরে এসেছি।
আমার এতোগুলা বসন্ত চলে গেলো
মধুর ডাকে আমি কেঁপেছি শুধু
যোগ্যতার প্রশ্নে যতটা পিছিয়ে যাই
অতোটা হতাশা পৃথিবীতে নেই।
তন্দ্রাচ্ছন্ন চোখে ভেসে আসে
সুন্দরী নারীর দেহ অবয়ব,
স্পষ্ট হয় মুখমণ্ডল, আঙুল
বড়ো হয় চোখ, শুকিয়ে যায় ওষ্ঠপুট,
বসন্তের বাতাসে উড়া কাপড়ের ফাঁকে
উঁকি দেয় নাভিমূল।
আমার ঘুম ভেঙে যায়, ঘুম আসে না
তাকিয়ে দেখি হাত নাড়ায় নির্দয় বসন্ত
আমি ভাবি, এতোগুলা বসন্ত চলে গেলো
আমি আজও পেলাম না এক টুকরো মাটি।
© আলমগীর কাইজার
৩১.০৩.২০২০

No comments