লাল বাগের ঐ গোলাপ জানে
লাল বাগের ঐ গোলাপ জানে,
কতটা তোমায় ভালোবেসেছি...
আজও শহরের প্রতিটি পথে,
শুধু তোমাকেই খুঁজে ফিরেছি।
লাল বাগের ঐ গোলাপ জানে
তোমায় ভালো বেসেছি,
চায়ের কাপে, পানের পাতায়
তোমার ছবিই খুঁজেছি।
কাইজেলিয়া গাছেরা জানে
তোমার নামে পথ চলেছি,
বুকের ভিতর, দোখিন হাওয়ায়
না বলা কতো কথা বলেছি।
তুমি কি আজও মনে রাখো,
সেই বিকেলের গল্পগুলো?
নাকি কিছুটা হারিয়ে গেছে,
স্মৃতিময় সেই সময়গুলো ?
তুমি আছো আমার প্রতিটি শ্বাসে,
প্রতিটি স্বপ্নে, প্রতিটি গানে।
হাজার মানুষের এই ভিড়েও,
খুঁজি তোমাকে প্রতিক্ষণে।
যদি আবার দেখা হয়,
হাতটা শুধু ধরো একবার,
আমার ভালোবাসা আজও
থাকে তোমারই প্রতীক্ষায়।
রেলগেটের ঐ প্রহরী জানে
তোমার অপেক্ষায় থেকেছি,
শ্রাবণ মেঘে, জোছনা রাতে
তোমার হাসিতে আমি হেসেছি।
বুকের বামের হাপোর জানে
প্রতি বিটে তোমারই নাম,
কাজের মাঝে, চোখের পাতায়
খুঁজে বেড়াই শুধু তোমার ধাম।
যদি কোনোদিন ফিরে আসো,
চেনা সেই পুরোনো শহরে,
আমি তখনও দাঁড়িয়ে থাকবো,
প্রতীক্ষারই প্রহর গুনে।
তুমি আছো আমার প্রতিটি শ্বাসে,
প্রতিটি স্বপ্নে, প্রতিটি গানে।
হাজার মানুষের এই ভিড়েও,
খুঁজি তোমাকে প্রতিক্ষণে।
লাল বাগের ঐ গোলাপ জানে,
আজও তোমায় ভালোবাসি।
শেষ নিঃশ্বাস অবধি আমি,
তোমার নামেই বেঁচে আছি।
© আলমগীর কাইজার
০৪.০৮.২০২৬

No comments