নূরের জ্যোতি - গজল

তোমার কাছে মাথা নত কোরে,
কেটে যায় সব ঘোর,
তুমি ছাড়া প্রভু, কেউ তো আমার,
দেবে না সুখের ভোর।

দুনিয়ার এই ক্ষণিক মায়ায়,
ঘুরছি রাত-দিন,
তোমার দয়াতে বেঁচে আছি প্রভু,
হৃদয়ে বাড়ছে ঋণ।

ও মওলা, তুমিই আমার আপন,
তুমিই পরম ঠাঁই,
তোমার নামে হৃদয় জুড়ায়,
তুমি ছাড়া কেউ নাই।

পাপের বোঝা মাথায় নিয়ে,
এসেছি তোমার দ্বারে,
ক্ষমা করো প্রভু, হে দয়াময়,
পাপী এই বান্দারে।

যখনই দুনিয়া ফিরিয়ে দিল,
দিল না কেউ সাড়া,
তোমার দুয়ার সদা অবারিত,
আমি যে সর্বহারা।

ধুলোবালির এই ধরাধামে প্রভু,
খুঁজি না শওকত,
তোমার নামের জিকিরে জিকিরে,
বাড়ে যে বরকত।

অশ্রু আমার ঝরে পড়ে আজ,
তোমার করুণা চেয়ে,
হৃদয়ের সব ক্ষতগুলো প্রভু,
দাও গো নূরে ছেয়ে।

ও আল্লাহ, ওগো আল্লাহ
তোমাতেই শরণাগতি,
ও আল্লাহ, ওগো আল্লাহ
তুমিই আমার জ্যোতি।

© আলমগীর কাইজার
২২.১০.২০২৬

গজলের লিংক:



No comments

Powered by Blogger.