আমি কথা দিয়েছি (কবিতা)

আমি একটি রাতকে কথা দিয়েছি
বেঁচে থাকলে, তার কোলে মাথা রেখে
গল্প শুনবো।
আমি একটি প্রজাপতিকে কথা দিয়েছি
বেঁচে থাকলে, তার সাথে সারা দিনভর
পাখা মেলবো।
আমি একটি জোনাকিকে কথা দিয়েছি
বেঁচে থাকলে, তার সাথে অন্ধকার রাতে
উড়ে বেড়াবো।
আমি একটি তারাকে কথা দিয়েছি
বেঁচে থাকলে, তার সাথে একাকীত্বের ঘাতে
ধুয়া ওড়াবো।
আমি একটি ফুলকে কথা দিয়েছি
বেঁচে থাকলে, সে ডাকলে
আমি আসবো।
আমি একটি কবিতাকে কথা দিয়েছি
বেঁচে থাকলে, আমি একদিন ঠিকই তাকে
পূর্ণতা দেবো।
আমি একটি বর্ণমালাকে কথা দিয়েছি
বেঁচে থাকলে, অনাগত শিশুর হাতে
ভালোবাসা তুলে দেবো।
আমি একটি নদীকে কথা দিয়েছি
বেঁচে থাকলে, আমি তার বুকে ডুব দিয়ে
মারা যাবো।
আমি জানি, আমি পৃথিবীর বাস্তুতন্ত্রে মূল্যহীন প্রাণী
পরিবার, সমাজ কিংবা দেশের কোনো উপকারে আসি না
তবুও আমি নিজেকে শেষ করে দিতে পারি না,
আমি যে একগুচ্ছ কথা দিয়ে রেখেছি।

© আলমগীর কাইজার
১৭.০৪.২০২০




No comments

Powered by Blogger.