তবে এর নাম ভালোবাসা নয়
আমি এমন একজন মানুষ চেয়েছিলাম
যে আমাকে ভেঙেচুরে ভালোবাসবে
যার সাথে আমার কোনো দূরত্ব থাকবে না,
যে আমার মনের উঠানে ফুলবাগান করবে
আমিও তার মনের উঠানে সযতনে ফুল ফোটাবো,
দিনশেষে যে তার সব সুখ-দুঃখ আমার কাছে জমা দেবে
আমিও আমার সব সুখ-দুঃখ তার কাছে জমা দেবো
তার সবকিছু আমার হবে
আর আমার সবকিছুও তার হবে।
আমি আর সে কাছে আসার পরেও যদি
অনেক দ্বিধার পাহাড় দণ্ডায়মান হয়
যদি নিজেদের মধ্যে অনেক কিছুই গোপন রাখতে হয়
যদি আমাদের ভিন্ন-ভিন্ন আকাশ থাকে
যদি আমাদের নিঃশ্বাস নিতে অন্য বাগানে যেতে হয়
তবে এর নাম ভালোবাসা নয়।
ভালোবাসলে এক সমতলে নেমে আসতে হয়
ভালোবাসলে সবকিছু ভেঙেচুরে এক হতে হয়।
ভালোবাসার পরেও যদি দূরত্ব না ঘোচে
তবে এর নাম ভালোবাসা নয়।
© আলমগীর কাইজার
০৪.০৪.২০২০

No comments