চিন্তা কোরো না - মাওলানা রুমি
বীণা ভেঙে গেলো বলে দুঃখ কোরো না
এরকম হাজারটা বীণা তোমার কাছে ফিরে আসবে।
আমরা তো ভালোবাসার এমন এক বাহুতে আবিষ্ট,
যেখানে সবকিছুই সঙ্গীত ।
যদি এই পৃথিবীর সকল বীণাও পুড়ে যায়
তবুও আমাদের অন্তর্গত হৃদয়ে
সঙ্গীত প্রবাহিত হতে থাকবে,
চিন্তা কোরো না ।
এই পৃথিবীর সব মোমবাতি কাঁপতে-কাঁপতে যদি নিভে যায়
তবে আমাদের অন্তরের স্ফুলিঙ্গই হলো আমাদের আলোর উৎস।
যে সঙ্গীত আমাদের কণ্ঠে ধ্বনিত হয়
তা-তো সমুদ্রবক্ষের ফেনার নিচে লুকানো
মূল্যবান মণি ।
আমাদের সঙ্গীতের সজীবতাই প্রমাণ করে
আমাদের অন্তরের অতলে কী লুকিয়ে আছে।
কথার স্রোত থামাও, হৃদয়ের দরোজা খোলো
তোমার পবিত্র আত্মাকে কথা বলতে দাও।
কবিতাঃ চিন্তা কোরো না
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি

No comments