যে বয়সে মরে গেছি - গান

যে বয়স- প্রেম আর পুলকের
সে বয়সে মরে গেছি আমি
কতটা চেয়েছিলাম তোমাকে
সে খবর জানে অন্তর্যামী।

যে বুকে ছিলো বিশাল সাগর
সেখানে আজ মরুভূমি,
ফিরিয়ে দিলে সব-কটা ফুল
নিভে গেলো সব আলো-রবি।

মানুষের ভিড়ে হেঁটে বেড়ায়
ছায়ারা শুধু হয় সাথী,
যে স্বপ্ন ছিলো সতেজ-রঙীন
এখন কাঁচের মতো ভাঙি।

প্রতীক্ষার রাত দীর্ঘ হয় রোজ
স্মৃতিরা করে কানাকানি,
তুমি কি কখনো নিয়েছো খোঁজ
কেমন আছি এই আমি?

তোমার ফেলে যাওয়া প্রেমে
এখনও ভেজে দুটি নয়ন,
তুমি ছাড়া পৃথিবী জুড়ে
শুধুই একাকীত্বের আয়োজন।

কত ঋতু এলো, কত ঋতু গেলো,
তুমি এলে না ফিরে,
অপেক্ষারা সব ক্লান্ত হয়ে
ঘুমিয়ে পড়ে নিজ নীড়ে।

যে গান ছিলো তোমার নামে
আজও বাজে বুকের ভিতর,
শুধু তুমি নেই পুরোনো সুরে
রয়ে গেছে দীর্ঘ স্বপ্নের ঘোর।

বেদনা পেরিয়ে, এই জীবনে
ছড়াবে আলো কোনো রবি,
মুছে যাবে সব কান্নার দাগ
থাকবে না জানি শুধু তুমি।

তবুও এই অবুঝ মন চায়
আবার ফিরে এসো তুমি
শেষ বিকেলের ম্লান আলোয়,
জেগে উঠুক হারানো ভূমি।

প্রতীক্ষার রাত দীর্ঘ হয় রোজ
স্মৃতিরা করে কানাকানি,
তুমি কি কখনো নিয়েছো খোঁজ
কেমন আছি এই আমি?

যদি কোনোদিন মনে পড়ে,
ফিরে এসো নীরব বিকেলে
আমি থাকবো স্মৃতির মতো
প্রতীক্ষার শেষ প্রহরে।

© আলমগীর কাইজার
০৫.০৮.২০২৬

No comments

Powered by Blogger.